চারজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী আবদুর রাজ্জাককে (২৮) কুপিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত বুধবার রাতে নিহত ব্যক্তির মা রাজিয়া আক্তার সখীপুর থানায় মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
মামলার আসামিরা হলেন সখীপুরের ফাহিম সুপার মার্কেটের মালিক আশরাফ পাহাড়ি, তাঁর দুই ছেলে রুবেল ও শাহ আলম এবং তাঁর সমন্ধির ছেলে নাসির উদ্দিন। পুলিশ গত মঙ্গলবার নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবারটাঙ্গাইল আদালতে পাঠিয়েছে।
আবদুর রাজ্জাক সখীপুর উপজেলার পাথারপুর গ্রামের শামসুল হকের ছেলে। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদামের পাশে থাকতেন এবং পুরাতন গাড়ি কেনাবেচার ব্যবসা করতেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সখীপুর ফাহিম সুপার মার্কেটের দোতলায় আশরাফ পাহাড়ির ছেলে রুবেল ও শাহ আলম তাদের সহযোগীদের নিয়ে সবার সামনে রাজ্জাককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।
বেলা চারটার দিকে রাজ্জাকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা মাইক্রোবাস শ্রমিক সমিতি ও নিহত ব্যক্তির স্বজনেরা লাঠিসোঁটা নিয়ে ফাহিম আশরাফের বিপণিবিতান ও বাসায় হামলা চালান। পরে তাঁরা হত্যার ঘটনায় জড়িত বযক্তিদের গ্রেপ্তারের দাবিতে সখীপুর-ঢাকা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। একই দাবিতে গত বুধবার স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধন, মিছিল ও সমাবেশও করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, হত্যা মামলার প্রধান আসামি রুবেলসহ বাকি আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার হওয়া আসামি নাসিরকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
রাজ্জাকের বাবা শামসুল হক সৌদি আরব থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন। বিকেল পাঁচটায় সখীপুর মোখতার ফোয়ারা চত্বরে জানাজা শেষে উপজেলার পাথারপুর গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়।