চারজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুজনকে গলা কেটে হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় চারজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়।

গত বছরের ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের আকবর টিলা এলাকায় ‘ল্যাংটা ফকিরের মাজার’ নামে পরিচিত এক কক্ষে গলা কেটে হত্যা করা হয় রহমত উল্লাহ ওরফে ল্যাংটা ফকির ও খাদেম আবদুল কাদেরকে। এ সময় জঙ্গিরা বোমা ফাটিয়ে চলে যায়। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবককে আসামি করে কাদেরের ছোট ভাই নুরুল ইসলাম বায়েজিদ বোস্তামী থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। পুলিশ জানায়, এই মামলার তদন্ত চলাকালে ৫ অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজনগরে একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, গ্রেনেডসহ জেএমবির পাঁচজনকে গ্রেপ্তার করে নগর ডিবি পুলিশ। তাঁদের একজন সুজন ওরফে বাবু আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, তাঁদের নেতা ফারদিনের নির্দেশে ল্যাংটা ফকির ও তাঁর খাদেমকে খুন করা হয়।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, গতকাল ফজলুল করিম, সাজ্জাদ কবির, মনির হোসেন ও রিনা বেগম সাক্ষ্য দেন। তাঁরা ঘটনাস্থলের আশপাশের বাসিন্দা। তাঁরা বলেছেন, ঘটনার দিন তাঁরা ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান। ঘটনাস্থলে গিয়ে তাঁরা এক যুবককে ধরার চেষ্টা করেন। কিন্তু তাঁদের কিলঘুষি মেরে ও বোমা ফাটিয়ে ওই যুবক পালিয়ে যান।

আদালত আগামী ৯ অক্টোবর এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।