সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নেওয়ার অভিযোগে যশোরে মো. আলী শান্তি (৩০) নামে অ্যাম্বুলেন্সের এক চালককে আটক করা হয়েছে। এ সময় যশোর জেনারেল হাসপাতাল ক্যাম্পাস থেকে চারটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহম্মদ সোহেল হাসানের নেতৃত্বে গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ব্যবস্থা নেওয়া হয়।
আটক করা মো. আলী যশোর শহরের সেবা অ্যাম্বুলেন্স সার্ভিসের চালক। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁর শাস্তি নিশ্চিত করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে মো. আলী বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়। কোনো হাসপাতাল-ক্লিনিকের হয়ে দালালি করি না। আমি ব্যক্তিমালিকানার অ্যাম্বুলেন্স সার্ভিস প্রতিষ্ঠানের গাড়ির চালকমাত্র।’
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে কয়েকটি অ্যাম্বুলেন্স ছিল। দুপুর ১২টার দিকে এডিএম সোহেল হাসান হাসপাতাল ক্যাম্পাসে গিয়ে অভিযান পরিচালনা করে চারটি অ্যাম্বুলেন্স জব্দ করেন। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক শ্যামল কৃষ্ণ সাহা উপস্থিত ছিলেন।
শ্যামল কৃষ্ণ সাহা প্রথম আলোকে বলেন, ‘যশোর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের অন্তত ২৫টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে থাকে। এসব অ্যাম্বুলেন্সের চালকদের মূল কাজ হচ্ছে, সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যাওয়া। এতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়। ওই চালকেরা বিভিন্ন ক্লিনিকের দালাল হিসেবে কাজ করে। হাসপাতাল ক্যাম্পাসে না দাঁড়ানোর জন্য এর আগে অনেকবার চালকদের নিষেধ করা হয়েছে। ওই চালকেরা এক জোট হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মিছিল-সমাবেশ করেন।’
মুহম্মদ সোহেল হাসান বলেন, জব্দ করা অ্যাম্বুলেন্সগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, পরবর্তী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তা ঠিক করা হবে। আটক করা চালকের বিরুদ্ধে নিয়মিত মামলা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।