চারটি আগ্নেয়াস্ত্রসহ সাংসদ আমানুরের ভাতিজা গ্রেপ্তার
টাঙ্গাইলে সাংসদ আমানুর রহমান খানের ভাতিজা রেজোয়ান খান ওরফে পুনমের বাসা থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। শহরের আকুরটাকুর পাড়ার বাসায় গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধারের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
রেজোয়ান সাংসদ আমানুর রহমান খানের মামাতো ভাইয়ের ছেলে।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল জেলা সদর সড়কে রেজোয়ানদের বাসায় অভিযান চালায়। এ সময় রেজোয়ানের ঘরে তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, দুটি সেভেন পয়েন্ট-৬৫ পিস্তল, একটি রিভলবার, ১৭টি গুলি, চাপাতি-চায়নিজ কুড়ালসহ ২০টি দেশীয় অস্ত্র এবং ৩০টি ইয়াবা বড়ি উদ্ধার করে।
পুলিশ জানায়, রেজোয়ান একসময় স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে জড়িত থাকলেও তিনি মূলত খান পরিবারের হয়ে শহরের আকুরটাকুর এলাকার একাংশ নিয়ন্ত্রণ করতেন। তাঁর নামে টাঙ্গাইল থানায় একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।