চারটি ইটভাটা ও ১৩টি ওয়াশিং ডাইং কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের অভিযোগে কেরানীগঞ্জের চারটি ইটভাটা ও ১৩টি ওয়াশিং ডাইং কারখানা সিলগালা করে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় ইটভাটার চিমনি ও চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের বীর বাঘৈর এলাকায় নিয়মনীতিবহির্ভূত ও পরিবেশদূষণকারী এনবিএম ও রাফিয়া আলিম উদ্দিন নামের ইটভাটা দুটির চিমনি, চুল্লিসহ ইটভাটার মালামাল গুঁড়িয়ে দেওয়া হয়। এনবিএম ইটভাটার মালিক তেঘরিয়া ইউপি চেয়ারম্যান জজ মিয়া। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম।
পরে একই এলাকায় সানাউল্লাহ মিয়ার মালিকানাধীন ডায়মন্ড ব্রিক ও জেপিএন ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ছাড়া কদমতলী খালপাড় এলাকায় মায়ের দোয়া ওয়াশিং ডাইং, রাজু কুটির জিআই তারকাঁটা তৈরির কারখানা এবং আগানগর এলাকায় আহম্মদের মালিকানাধীন বিএলটি ওয়াশিং ডাইং, কাশেম মিয়ার মালিকানাধীন সততা ওয়াশিং ডাইং, হুমির মালিকানাধীন রিমা ওয়াশিং প্লান্ট, শাহিন মিয়ার মালিকানাধীন সায়মা ওয়াশিং প্লান্ট, ইব্রাহিম মিয়ার মালিকানাধীন সানমুন ওয়াশিং প্লান্ট, বাবু মিয়ার মালিকানাধীন গ্লোবাল ওয়াশিং ডাইং, শ্রাবণী ওয়াশিং ডাইং, এফ এম ওয়াশিং ডাইং, সারা প্রিন্টিং, ফোর স্টার ওয়াশিং প্লান্ট, আল বারাকা ওয়াশিং ডাইং ও বিসমিল্লাহ ডাইং প্লান্ট কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘২০১৩ সালের ইট প্রস্তুত ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন না মেনে যেসব ইটভাটা পরিচালিত হচ্ছে সেসব ইটভাটায় অভিযান চালানো হচ্ছে।’