চারটি কারখানা সিলগালা, ৭০ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে ছানা ও ঘি তৈরির অপরাধে গতকাল বুধবার দুপুরে পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এ সময় আদালত চারটি কারখানা সিলগালা করে দিয়েছেন।
অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোমিন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিরাজুল ইসলাম।
ইউএনও শাহ্ মোমিন বলেন, বাজারের কিছু কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ছানা ও ঘি তৈরি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত এসব বন্ধে কিছুদিন ধরে অভিযান চালাচ্ছেন। এরপরেও কিছু ব্যক্তি একই কাজ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা থেকে অভিযান শুরু করা হয়। অভিযানে দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা ও ঘি তৈরির অপরাধে বাজারের আমজাদ ঘোষকে ২০ হাজার টাকা, বৈদ্যনাথ ঘোষকে ২০ হাজার টাকা ও বাবুরাম ঘোষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রবি ঘোষ, পরি ঘোষ, সুমন তালুকদার ও সোহেল রানার কারখানায় অপরাধের মাত্রা বেশি হওয়ায় কারখানা চারটি সিলগালা করে দেওয়া হয়েছে।
শাহ্ মোমিন বলেন, ‘কিছুদিন ধরে অব্যাহত অভিযানে কারখানাগুলোর পরিবেশ ফিরতে শুরু করেছে। যারা পরিচ্ছন্নতা বজায় রাখছে, তাদের আমরা সহযোগিতা করছি। অন্যদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আবার অপরিচ্ছন্ন পরিবেশে দুগ্ধজাত পণ্য তৈরি করলে কারখানাগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।’