চারটি কারখানাকে ৪১ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারখানায় ত্রুটিপূর্ণ ইটিপি ব্যবহার এবং ডায়িং কারখানার বর্জ্য সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলার অভিযোগে গতকাল বুধবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের চারটি কারখানার কর্তৃপক্ষকে ৪১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে ওই তথ্য জানা গেছে।
পরিবেশ অধিদপ্তর ও কারখানাগুলোর সূত্রে জানা গেছে, গতকাল পরিবেশ অধিদপ্তরের সদরদপ্তরে পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমান ওই চারটি কারখানার মালিক/প্রতিনিধির উপস্থিতিতে শুনানি করেন। এ সময় ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে গাজীপুরের জয়দেবপুরের কড্ডা এলাকার কেমিও ইউএসএ নিটওয়্যার লিমিটেডকে ২২ লাখ এবং ডায়িং কারখানার বর্জ্য সরাসরি শীতলক্ষ্যায় ফেলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত নিট কনসার্ন লিমিটেডকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও ইটিপি নির্মাণ না করেই কারখানা পরিচালনার অপরাধে ঢাকার মিরপুর-২ রূপনগর শিল্প এলাকার রেগুলার ওয়াশিং প্ল্যান্টকে চার লাখ টাকা এবং একই অপরাধে গাজীপুরের টঙ্গীর শিলমুন ক্যানকুন ওয়াশিং প্ল্যান্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়। দূষণবিরোধী অভিযান কার্যক্রমের অংশ হিসেবে কারখানাগুলোকে ওই জরিমানা করা হয়।