কুমিল্লার হোমনা উপজেলায় দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চারটি স্থানে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষ ঘটেছে। এতে ঘারমোড়া ইউপিতে বিএনপির প্রার্থীসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। দুটি কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪২টি রাবার বুলেট ছোড়ে।
সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে নয়টার দিকে ঘারমোড়ার মধ্য মণিপুর গণশিক্ষা কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আবদুল করিমের সমর্থকেরা কেন্দ্র দখল করেন। এ সময় বিএনপির প্রার্থী শাহজাহান মোল্লার সমর্থকেরা বাধা দিলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে শাহজাহান মোল্লাসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।
একই ইউপির ফতেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে ব্যালট পেপার ও সিল ছিনতাই করেন বহিরাগত ব্যক্তিরা। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হুমায়ূন কবির জানান, বহিরাগত কিছু সন্ত্রাসী কেন্দ্রে ঢুকে কিছু ব্যালট পেপার ও সিল নিয়ে যান। এ কারণে সকাল ১০টা থেকে একটা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ থাকে। একটার দিকে ভোট শুরু হলে দেড়টার দিকে সন্ত্রাসীরা ফের ব্যালট ও সিল নিয়ে যান। দুইটার দিকে আবার ভোট শুরু হয়।
বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের বড় ঘারমোড়া সরকারি বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করতে গেলে বিএনপির প্রার্থীর লোকজন বাধা দেন। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।
বিএনপির প্রার্থী শাহজাহান মোল্লা অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন কেন্দ্র দখল করে জোর করে ব্যালটে সিল দিয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থী আবদুল করিম বলেন, ‘আমার লোকজন কেন্দ্র দখল ও সংঘর্ষের সঙ্গে জড়িত নয়।’
বেলা একটার দিকে জয়পুর ইউপির অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী তাইজুল ইসলামের সমর্থকেরা কেন্দ্র দখল করেন। এ সময় বিএনপির প্রার্থী আবদুল আজিজ সাব মিয়ার লোকজন বাধা দিলে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৯টি রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত পাঁচজন আহত হন। আওয়ামী লীগের প্রার্থী তাইজুল ইসলাম বলেন, তাঁর লোকজন কেন্দ্র দখল ও সংঘর্ষের সঙ্গে জড়িত নন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল বাশার বলেন, কেন্দ্রের বাইরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ রাবার বুলেট ছোড়ে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বলেন, তিনটি কেন্দ্রে গোলযোগের ঘটনায় পুলিশ ৪২টি রাবার বুলেট ছোড়ে। তা ছাড়া কয়েকটি কেন্দ্রে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে দু-একজন আহত হওয়া ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।