চারটি জেলা থেকে গ্রেপ্তার ১০৯
চারটি জেলা থেকে জামায়াত-শিবিরের ১৬ নেতা-কর্মীসহ ১০৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক এবং গাইবান্ধা প্রতিনিধি জানিয়েছেন বিস্তারিত:
সাতক্ষীরা: জামায়াত-শিবিরের ১৪ জন কর্মীসহ ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার মামলা ছাড়াও বিভিন্ন অভিযোগে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী: মহানগরে জামায়াতের দুই কর্মীসহ ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জামায়াতের কর্মীরা হলেন নগরের ডাঙ্গিপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে সবুর আলী (৩৮) ও পবা উপজেলার কোপাকান্দি গ্রামের আক্কাস আলীর ছেলে হাসান মামুন (৩২)। গতকাল দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চাঁপাইনববাগঞ্জ: সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান ওরফে তোতাকে রোববার দুপুরে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) সহিদার রহমান জানান, জিয়াউর রহমানকে একাধিক মামলার পলাতক আসামি হিসেবে গতকাল দুপুরে শহরের নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন জামায়াতের আমির আবদুস ছাত্তারকে (৪৮) রোববার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, গ্রেপ্তার জামায়াত নেতার বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে।