চারটি দোকানের কাপড় লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরের একটি বাজারের দুই নৈশপ্রহরীকে কোনো নেশাজাতীয় কোনো কিছু খাইয়ে অচেতন করে চারটি কাপড়ের দোকান লুট করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ওই বাজার থেকে আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের মহানন্দপুর বাজারে গত শুক্রবার গভীর রাতে। শনিবার সকালে অচেতন অবস্থায় নৈশপ্রহরী মফিদুল ইসলাম ও ময়না মিয়াকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত দুই দিনেও ওই নৈশপ্রহরীরা পুরোপুরি সুস্থ না হওয়ায় এ ব্যাপারে সখীপুর থানায় গতকাল রোববার পর্যন্ত কেউ মামলা বা লিখিত কোনো অভিযোগ করেননি বলে সখীপুর থানা সূত্রে জানা গেছে।
পুলিশ ও দোকানদারেরা জানান, ওই দিন গভীর রাতে মহানন্দপুর বাজারের নৈশপ্রহরী মফিদুল ইসলাম (৩৫) ও ময়না মিয়াকে (৪০) দুর্বৃত্তরা কোনো নেশাজাতীয় কোনো কিছু খাইয়ে অচেতন করে। এরপর ওই বাজারের আমির হামজা, নাসির উদ্দিন, শাহজাহান মিয়া ও শহিদুলের শাড়ি এবং থানকাপড়ের দোকানের তালা ভেঙে কাপড় লুট করে ট্রাকে করে পালিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানমালিক আমির হামজা দাবি করেন, চারটি দোকান থেকে তাঁদের প্রায় ১৬ লাখ টাকার শাড়ি ও থানকাপড় লুট হয়েছে।
ক্ষতিগ্রস্ত আরেক দোকানমালিক নাসির উদ্দিন বলেন, নৈশপ্রহরী দুজন সুস্থ হলে তাঁদের কাছ থেকে সবকিছু শুনে থানায় মামলা করা হবে।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, ‘আজকালের মধ্যেই ওই দুই রোগী সুস্থ হয়ে ওঠবেন বলে আশা করছি।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বলেন, ‘ইতিমধ্যে অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দুই নৈশপ্রহরীর জ্ঞান ফিরলে তাঁদের সঙ্গে কথা বলে পরবর্তী আইিন ব্যবস্থা নেওয়া হবে।’