প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর শহরের পশ্চিম বাইপাসে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাগামী একটি বাস তল্লাশি করে চারটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় দুই যুবককে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোর কার্যালয়ের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে তাঁরা শহরের বাইপাস সড়কে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ন্যাশনাল পরিবহনের ওই বাসে তল্লাশি চালান। এ সময় ওই বাসের যাত্রী নয়ন ইসলাম ও ইসমাইল হোসেনের কাছ থেকে দুটি করে বিদেশি নতুন পিস্তল উদ্ধার করা হয়। তাঁদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।