কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত সোমবার বিকেলে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে চারটি বন্দুক উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মেহের আলীরপাড়ার জাগির হোছাইন ও নুরুল ইসলাম এবং অটোরিকশার চালক ছলিম উল্লাহ। ছলিমের বাড়ি মহেশখালীর পুঁইছড়া গ্রামে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, জাগির ও নুরুল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বানিয়াকাটা থেকে অটোরিকশায় বদরখালী যাচ্ছিলেন। অটোরিকশাটি নয়াপাড়া এলাকায় পৌঁছালে পুলিশ গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে দেশে তৈরি চারটি লম্বা বন্দুক উদ্ধার করা হয়। অটোরিকশার এই দুই আরোহী ও চালককে আটক করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের বাঁশখালী গণ্ডামারা ইউনিয়নের তাপবিদ্যুৎ প্রকল্পবিরোধী একটি চক্র এলাকায় আবারও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। এর অংশ হিসেবে জাগির ও নুরুল মহেশখালী থেকে আগ্নেয়াস্ত্র কিনে নিয়ে যাচ্ছিলেন। তিনি আরও বলেন, গতকাল দুপুর ১২টায় তিন আসামিকে উপজেলা জ্যেষ্ঠ হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত আজ বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।