ফুটবল খেলাকে কেন্দ্র করে কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীরা চারটি যাত্রীবাহী বাস ও বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় অন্তত তিন ছাত্র আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের কান্দিরপাড়ের নিউমার্কেট এলাকার সড়কে ওই ঘটনা ঘটে। আহত তিনজন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হলো দশম শ্রেণির আবদুল্লাহ আল শিবলী, অষ্টম শ্রেণির কবির আহমেদ ও সপ্তম শ্রেণির রিফাত হোসেন।
এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক ও কুমিল্লা জিলা স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাহাংগীর আলম বলেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
প্রত্যক্ষদর্শী অন্তত ছয়জন শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা জিলা স্কুল মাঠে ৪৬তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। এতে জিলা স্কুল ও বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয় অংশ নেয়। খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে রেফারি জিলা স্কুলের পক্ষে দুটি পেনাল্টির সিদ্ধান্ত দেন। দ্বিতীয় সিদ্ধান্তটি ডি বক্সের বাইরে হওয়ায় নোয়াব আলীর খেলোয়াড়েরা প্রতিবাদ জানায়। এরপরও পেনাল্টি হয়। এতে জিলা স্কুল ২-০ গোলে এগিয়ে যায়।
পরে রেফারির সিদ্ধান্ত সঠিক না হওয়ার অভিযোগ তুলে মাঠ ছেড়ে দেয় নোয়াব আলী উচ্চবিদ্যালয়ের খেলোয়াড়েরা। একপর্যায়ে তারা জিলা স্কুলের ফটকের বাইরে থাকা চারটি যাত্রীবাহী বাসে করে রওনা হয়। এ সময় জিলা স্কুলের শিক্ষার্থীরা ওই বাসকে ধাওয়া করে। বাস চারটি নিউমার্কেট এলাকায় পৌঁছামাত্র যানজটে আটকা পড়ে। তখন জিলা স্কুলের শিক্ষার্থীরা বাসের মধ্যে ইট নিক্ষেপ করতে থাকে। এতে তিনজন ছাত্র আহত হয়। তখন এ পথ দিয়ে খেলা দেখতে গাড়ি নিয়ে যাচ্ছিলেন বরুড়ার ইউএনও মোসাম্মত লুত্ফুন নাহার নাজীম। তাঁর গাড়িতেও ইট নিক্ষেপ করা হয়। এতে গাড়ির সামনের কাচ ফেটে যায়।
এ প্রসঙ্গে বরুড়া ইউএনও বলেন, ‘এমন মারমুখী আচরণ আমি কখনো দেখিনি। আমার গাড়িতে ইট মারা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।’
কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, ‘যখন জিলা স্কুল মাঠে খেলা চলছিল, তখন আমি ডিসি অফিসে মিটিংয়ে ছিলাম। পরে এসে শুনলাম খেলাকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে।’