কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় সংরক্ষিত বনে চারা রোপণে বাধা দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুর্বৃত্তদের হামলায় বন বিভাগের পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হচ্ছেন ফাঁসিয়াখালী ইউনিয়নের মো. বাবু (৪৭), শাহ আলম (৫০), জনুয়ারা বেগম (৩৮), এলমুন্নাহার (৩৫) ও লামার ফাঁসিয়াখালীর কুমারী এলাকার মো. মাশুক (৪৫)।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ের তত্ত্বাবধায়ক (রেঞ্জার) আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ফাঁসিয়াখালীর উচিতার বিল এলাকায় ৫০ হেক্টর বনভূমিতে বনজ চারা রোপণের কাজ চলছে। চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকার দলিলুর রহমান নামের এক ব্যক্তির নেতৃত্বে ওই এলাকায় একটি ভূমিহীন সমিতি গড়ে তোলা হয়েছে। সংগঠনটি ভূমিহীনদের নামে উচিতার বিলের বন বিভাগের জায়গা দখল করতে চেষ্টা করছে। তারা সেখানে ১৫টি অবৈধ বসতি গড়ে তুলেছে। বিষয়টি নিয়ে কয়েকবার দুর্বৃত্তদের সাথে বন কর্মীদের বাদানুবাদ হয়। বৃহস্পতিবার সকালে উচিতার বিলে বনকর্মীরা শ্রমিক নিয়ে চারা রোপণ করতে গেলে দুর্বৃত্তরা বাধা দেয়। একপর্যায়ে তারা শ্রমিকদের ওপর হামলা চালায়।
বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান রেঞ্জার আবদুল মতিন।
এ প্রসঙ্গে জানতে দলিলুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।