চারুকলার ক্যানটিনে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গরুর মাংস দিয়ে রান্না করা তেহারি পরিবেশন করায় ক্যানটিন ভাঙচুর করেছেন কয়েকজন শিক্ষার্থী।
আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ভাঙচুরের পর থেকে ক্যানটিনটি বন্ধ আছে। ক্যানটিন পরিচালককেও ঘটনার সময় মারধর করা হয়।
চারুকলার এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, শোভাযাত্রার শেষ দিককার প্রস্তুতি নেওয়ার জন্য রাতভর কাজ করেন অনেকে। তাঁদের জন্য সকালের নাশতা হিসেবে ক্যানটিন থেকে তেহারি নেওয়া হয়। একপর্যায়ে এটি গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছে, এমন সন্দেহ হলে পরিচালক জাকিরকে জিজ্ঞাসা করা হয়। জাকির বিষয়টি স্বীকার করলে কয়েকজন শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে ক্যানটিন ভাঙচুর করেন ও জাকিরকে মারধর করেন।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ক্যানটিন পরিচালক জানিয়েছেন বিষয়টি তাঁর জানা ছিল না। তারপরও বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করে দেখা হবে।’