চার্চের পুকুর ভরাট করছে আইনজীবী সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েকজন আইনজীবীর উপস্থিতিতে গত বৃহস্পতিবার রাতে প্রাচীন এই পুকুরটি ভরাট শুরু হয়। গতকাল সকালেও চলছিল মাটি ফেলার কাজ l ছবি: প্রথম আলো
কয়েকজন আইনজীবীর উপস্থিতিতে গত বৃহস্পতিবার রাতে প্রাচীন এই পুকুরটি ভরাট শুরু হয়। গতকাল সকালেও চলছিল মাটি ফেলার কাজ l ছবি: প্রথম আলো

বরিশাল আদালত ভবনের পাশে সেন্ট পিটার চার্চের মালিকানাধীন একটি প্রাচীন পুকুর ভরাট করছে জেলা আইনজীবী সমিতি। সমিতির ভাষ্যমতে, পুকুরের জায়গাটি সরকারি, সেখানে আদালতের বহুতল ভবন হবে।
সেন্ট পিটার চার্চের সভাপতি রেভারেন্ড শান্তি মণ্ডল অভিযোগ করেন, ‘২০০ বছরের পুরোনো পুকুরটি সরকারি সম্পত্তি নয়। আমাদের পক্ষে এসএ, আরএস ও বিএস অর্থাৎ হালবছর পর্যন্ত সব কাগজপত্র রয়েছে। খাজনা পর্যন্ত পরিশোধ করা হয়েছে। জোরপূর্বক ওই সম্পত্তি দখল করে ভরাট করা হচ্ছে।’
জানতে চাইলে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসউদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘এই পুকুর ভরাটের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট ছিল। রিট খারিজ হওয়ার পর আমরা ভরাট শুরু করেছি। আগামী এক মাসের মধ্যে প্রধান বিচারপতি এখানে বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’ তিনি দাবি করেন, পুকুরের জমিটি সরকারি। অনুমতি নেওয়ার বিষয়ে তিনি বলেন, আগেও ভরাট শুরুর পর পরিবেশবাদীরা হাইকোর্টে রিট করেছিল। সেই রিট খারিজ হওয়ায় তাঁরা ভরাট করছেন।
ওই রিট আবেদনটি করেছিলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। রিটের আইনজীবী মনজিল মোরশেদ প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে পুকুরটিকে মজা ও দুর্গন্ধময় হিসেবে প্রতিবেদন দেওয়ার পর ৬ এপ্রিল রিটটি খারিজ হয়ে যায়।
পরিবেশ অধিদপ্তর বরিশালের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ আইন অনুযায়ী পুকুর বা জলাশয় ভরাট করা সম্পূর্ণ নিষিদ্ধ ও বেআইনি। বরিশালের আদালত চত্বরের পুকুর ভরাট করে ভবন নির্মাণ করার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি। আদালত কোনো অনুমতি দিয়েছে কি না তা রায় না দেখে বলা যাবে না।’
নথিপত্র থেকে জানা যায়, ১৯১৮ সালের ১৪ নভেম্বর বরিশাল নগরের প্রাণকেন্দ্রে প্রায় আড়াই একর জায়গায় এই চার্চটি স্থাপনের জন্য জমি হুকুম দখলে নেয় সরকার। বর্তমানে এটি সেন্ট পিটার চার্চ বলে পরিচিত। ওই চার্চের পূর্ব পাশে ৫২ শতাংশ জায়গার ওপর একটি সংরক্ষিত পুকুর রয়েছে। আরএস জরিপ ও এসএ খতিয়ানে চার্চের নামে সেটি রেকর্ড হয়।
বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি রবার্ট নিপু অধিকারী জানান, ১৯৭৯ সালে চার্চের পুকুরটির উত্তর-দক্ষিণ দিক থেকে সীমানাপ্রাচীর তুলে জেলা জজ আদালত চত্বরের ভেতরে নিয়ে নেওয়া হয়। সেই থেকে এটি আদালত চত্বরের পুকুর হিসেবে পরিচিতি পায়।
বরিশাল অক্সফোর্ড মিশনের ব্যবস্থাপক বেনিডিক্ট বিমল ব্যাপারী বলেন, উচ্চ আদালতে করা রিটের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ২০০২ সালের ২৬ জানুয়ারি সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে পুকুর ও সম্পত্তি চার্চের বলে উল্লেখ করা হয়।’
বরিশাল খাল-নদী ও জলাশয় বাঁচাও আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, কয়েক দিন আগে জেলা জজ আদালতে আগুন লেগেছিল। তখন ওই পুকুর থেকেই পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাচীন ওই পুকুর ভরাট করলে পরিবেশ বিপর্যয় ঘটবে।
জেলা প্রশাসক মো. শহীদুল আলম বলেন, ‘পুকুর ভরাটের কোনো অনুমতি আমরা দিইনি। ভরাট হচ্ছে তাও জানি না। বিষয়টি আদালত ও আইনজীবীরা জানেন।’
বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, গণপূর্ত বিভাগ এ ধরণের কোনো কাজ করছে না।