চার্জার লাইটে মিলল দেড় কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুটি চার্জার লাইটের ব্যাটারির ভেতর লুকিয়ে ১২টি সোনার বার এনেছিলেন ফ্লাই দুবাইয়ের যাত্রী শাহাদত মিয়া। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার দুপুরে তাঁর কাছ থেকে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের এসব সোনার বার জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। ছবি : প্রথম আলো

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ভেতর থেকে প্রায় দেড় কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহাদত মিয়া নামের এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তারেক মাহমুদ প্রথম আলোকে বলেন, শাহাদত মিয়া আজ সকাল ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে ঢাকায় আসেন। দুপুর ১২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হাওয়ার সময় তাঁর সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। এ সময় শাহাদতের সঙ্গে থাকা দুটি চার্জার লাইটের ব্যাটারির ভেতর ১২টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম করে। এসব সোনার মূল্য ৭৫ লাখ টাকা। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।