চার্জার লাইটের ভেতরে সাড়ে ৫ কেজি সোনা
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে সোনার ৪৮টি বার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। যাত্রীর নাম মিফতা উদ্দিন।
কাস্টমস কর্মকর্তারা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় জব্দ করা বারগুলোর ওজন সাড়ে পাঁচ কেজি। দাম ২ কোটি ৪০ লাখ টাকা। এ ঘটনায় মিফতা উদ্দিনকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।
বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপকমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান প্রথম আলোকে বলেন, দুবাই থেকে ‘ফ্লাই দুবাই’ সংস্থার উড়োজাহাজে করে এই যাত্রী গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান। উড়োজাহাজ থেকে নামার পর তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয়। এই যাত্রী তাঁর ব্যাগ স্ক্যানিং যন্ত্রে না দেওয়ার চেষ্টা করলে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে জোর করে তা স্ক্যান করার পর ব্যাগের মধ্যে থাকা তিনটি চার্জার লাইটের ভেতর থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। তিনি জানান, আটক যাত্রীর বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় মামলা করা হবে।
নিয়ম অনুযায়ী, একজন যাত্রী শুল্ক পরিশোধ করে ২০০ গ্রাম পর্যন্ত সোনার বার আনতে পারেন। আর স্বর্ণালংকার বিনা শুল্কে আনা যায় ১০০ গ্রাম পর্যন্ত। একই রকমের ১২টির বেশি স্বর্ণালংকার আনার সুযোগ নেই।