চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির জন্য নিয়োগ দেওয়া এক ডিলারের বিরুদ্ধে মামলা হয়েছে। ১০ টাকা কেজি দরের চাল হতদরিদ্র মানুষের কাছে বিক্রি না করে তা আত্মসাতের অভিযোগে গতকাল বুধবার বাঞ্ছারামপুর থানায় মামলাটি করেন দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নুরুল হুদা।
ওই ডিলারের নাম মো. ফারুক মিয়া। তাঁকে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের মারচাকান্দি অঞ্চলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছিল। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর ডিলার মো. ফারুক মিয়ার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ওই এলাকার ১৮ জন দুস্থ ব্যক্তি। তাঁরা ফারুক মিয়ার বিরুদ্ধে ৫৪০ কেজি চাল আত্মসাতের অভিযোগ করেন। এ ঘটনায় ১ নভেম্বর তাঁর ডিলারশিপ বাতিল ও ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে ওই দিনই তাঁকে আটক করে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে কুমিল্লা অঞ্চলের দুদক।
মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নুরুল হুদা বলেন, ফারুক মিয়াকে একমাত্র আসামি করে মামলাটি করা হয়েছে। যেহেতু তিনি জরিমানার টাকা জমা দিয়েছেন এবং তাঁর ডিলারশিপ বাতিল করা হয়েছে, সেহেতু আদালতই তাঁর বিষয়ে সিদ্ধান্ত দেবেন। দেরিতে মামলা করার বিষয়ে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় মামলাও দেরিতে করতে হয়েছে।