চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু উপজেলায় ভিজিডি প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগে কালাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তাহের মো. আবদুল হান্নানকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার উপজেলার কালাই কর্ণিপড়া বাজারের নিজ গুদাম থেকে তাঁকে আটক করা হয়। ওই গুদাম থেকে সরকারি সিল দেওয়া ২৪৩ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) চাল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল হান্নান ভিজিডির ভুয়া কার্ডধারীদের চাল গত সোমবার রাতে ইউপি কার্যালয় থেকে নিজ গুদামে সরিয়ে নেন। এ বিষয়ে স্থানীয় লোকজন দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া অঞ্চলের উপপরিচালক আনোয়ারুল ইসলামের কাছে অভিযোগ দেন। তিনি বিষয়টি বগুড়া ডিবি পুলিশকে জানান। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমানের নেতৃত্বে জেলা ডিবি পুলিশ কালাই কর্ণিপড়া বাজারে চেয়ারম্যানের গুদামে অভিযান চালায়। গুদামের তালা ভেঙে সরকারি সিল দেওয়া ১২৫ বস্তা চাল পাওয়া যায়। এ ছাড়া খোলা অবস্থায় আরও চাল পাওয়া যায়। পাশে ছিল সরকারি সিল দেওয়া ১১৮টি খালি বস্তা ছিল। পরে খোলা চাল এসব বস্তায় ভরে নেওয়া হয়। এ সময় উপজেলা খাদ্যনিয়ন্ত্রক গোলাম মাওলা ও জেলা ডিবির ওসি আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউএনও আরাফাত রহমান বলেন, ইউপি চেয়ারম্যান এসব চালের ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি। সরকারি চাল আত্মসাতের অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কাহালু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কাহালু থানার ওসি নূরে আলম সিদ্দিকী গতকাল রাত সাড়ে আটটায় বলেন, ইউপি চেয়ারম্যানকে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।