চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে কুলিয়ারচরে এক ইউপি চেয়ারম্যান বরখাস্ত
ভিজিডির চাল আত্মসাৎ-চেষ্টার অভিযোগে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজবাহুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ তথ্য নিশ্চিত করেছেন।
মিজবাহুল কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হন।
ইউপি পরিষদ সূত্র জানায়, ছয়সূতি ইউনিয়নের ২৪০ জনের মধ্যে ভিজিডি কার্ড দেওয়া হয়েছে। উপকারভোগীরা প্রতি মাসের নির্দিষ্ট সময়ে বিনা মূল্যে ৩০ কেজি করে চাল পেয়ে আসছেন। প্রত্যেক উপকারভোগী এই সুবিধা পাবেন দুই বছর। চালের বস্তা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মজুত রেখে বিতরণের কথা। চলতি বছরের মে মাসের বরাদ্দ দেওয়ার সময় অভিযোগ ওঠে চেয়ারম্যান কিছু কার্ডধারীকে চাল না দিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন। পরে ইউএনও গিয়ে ইউনিয়ন কমপ্লেক্স লাগোয়া জিল্লুর রহমান স্মৃতি সংসদ থেকে ৩০ কেজির ২০ বস্তা চাল উদ্ধার করেন। এই ঘটনায় স্থানীয় সরকার বিভাগ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চেয়ারম্যানকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা জারি করা হয়।
ইউএনও রুবায়েত ফেরদৌসি বলেন, ছয়সূতি ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের কথা স্থানীয় সরকার বিভাগ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে নির্দেশনার লিখিত আদেশ এখনো এসে পৌঁছায়নি। আদেশ হাতে পাওয়ার পর ইউনিয়ন পরিষদ পরিচালনার নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।
ছয়সূতি ইউনিয়ন পরিষদের সচিব আমেনা বেগমও চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের তথ্য নিশ্চিত করেন।
ইউপি চেয়ারম্যান মিজবাহুল ইসলামও বরখাস্তের কথা স্বীকার করেছেন। তাঁর দাবি, ২৪০ জনের মধ্যে সর্বশেষ তিন মাস ২৩৭ জন করে চাল নিয়েছেন। বাকি তিনজন চাল নিতে না আসায় চালের বস্তাগুলো জমে গিয়েছিল। অন্য স্থানে চাল রাখার কারণ জানাতে গিয়ে বলেন, বাজেট পেশ করার জন্য মিলনায়তন ব্যবহার করা প্রয়োজন ছিল। তখন চালের বস্তাগুলো অন্য স্থানে সরিয়ে নিতে হয়েছে। তিনি এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করবেন বলে জানান।