চাল আত্মসাতের দায়ে ডিলারশিপ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যবান্ধব কর্মসূচির অধীন ১০ টাকা কেজির চাল আত্মসাতের দায়ে গতকাল শুক্রবার পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ডিলার মো. হাবিবুর রহমান সবুজকে ৬৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তাঁর ডিলারশিপও বাতিল করা হয়েছে।
এ ইউনিয়নে ডিলার হিসেবে রয়েছেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান। গতকাল সকালে কালাইয়া ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে চাল বিতরণের কার্যক্রম পরিদর্শনে যান ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এ সময় তিনি সেখানে চাল আত্মসাতের প্রমাণ পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘ওই ডিলার সরকারি খাদ্যগুদাম থেকে ৫৯৫ জনের অনুকূলে ৩০ কেজি করে মোট ১৭ দশমিক ৮৫ টন চাল ছাড়িয়ে নিয়ে তাঁর নিজস্ব গুদামে সংরক্ষণ করেছিলেন। তাঁর গুদাম থেকে আজ (গতকাল শুক্রবার) পর্যন্ত ৫৭২ জনের কাছে ৩০ কেজি করে চাল বিক্রি করা হয়। এরপর চাল শেষ হয়ে যায়। অর্থাৎ বাকি ২৩ জনের ৬৯০ কেজি আত্মসাৎ করা হয়েছে। এ বিষয়ে সদুত্তর দিতে না পারায় তাঁকে আটক করা হয়। পরে ডিলারশিপ বাতিল ও জরিমানা করা হয়।’
উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মনিরুল হক বলেন, নীতিমালার শর্ত ভঙ্গের দায়ে ডিলারশিপ বাতিল ও ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ২৩ জনের চাল ক্রয় বাবদ আরও ২১ হাজার টাকা তাঁর কাছ থেকে আদায় করা হয়েছে।