চাল আত্মসাৎ: সিএসডির ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি) থেকে প্রায় ১০০ মেট্রিক টন আমন চাল তুলে নিয়ে আত্মসাতের ঘটনায় তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সংস্থার উপপরিচালক একরামুর রেজা তিনজনকে আসামি করে বন্দর থানায় এ মামলা করেন।

মামলায় আসামি করা হয়েছে লৌহজং মুজিবনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা শহীদুল ইসলাম, সহকারী উপখাদ্য পরিদর্শক জাকির হোসেন এবং খাদ্য পরিদর্শক ও ব্লক পরিদর্শক আরিফ আহাম্মেদকে।

মামলার বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল জানান, দুর্নীতি দমন আইনে মামলা হয়েছে। মামলাটি দুদক তদন্ত করবে।

মামলার এজাহারে বলা হয়, বন্দর সিএসডিতে চাকরি চলাকালে এজাহারভুক্ত তিন আসামি পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নারায়ণগঞ্জ সিএসডি ৮ নম্বর গুদামের ৩৮ নম্বর খামাল থেকে ৯৯ দশমিক ৮৮০ মেট্রিক টন আমন চাল সরিয়ে নেন। সেখানে খাদ্য অধিদপ্তরের সরবরাহ করা চালের চেয়ে নিম্নমানের (গুটি স্বর্ণা) ৯৯ দশমিক ১০৫ মেট্রিক টন চাল গুদামে সংরক্ষণ করেন। এর মাধ্যমে তাঁরা রাষ্ট্রের ২ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ৬৭৫ টাকা ক্ষতিসাধন করে আত্মসাৎ করে।