চাল চুরির অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুর রহমানের বিরুদ্ধে ভিজিএফের ১৪ বস্তা চাল চুরির অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম স্থানীয় বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করেছেন। এ সময় দোকান মালিক চাল ব্যবসায়ী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় সাঁথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মহিদুল ফারুক বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, মামলায় চেয়ারম্যান শামসুর রহমান, ইউপি সদস্য মজনু মিয়া, চাল ব্যবসায়ী সেলিম হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। চাল ব্যবসায়ী সেলিমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে ঘটনার পর থেকে সবাই পলাতক রয়েছেন।
পিআইও মহিদুল ফারুক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের দরিদ্রদের জন্য ২৪ মেট্রিক টন চাল বরাদ্দ আসে। গত ৩০ জুন ইউপি চেয়ারম্যান শামসুর রহমান উপজেলা গুদাম থেকে চালগুলো উত্তোলন করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। এরপর চালগুলো কালোবাজারে বিক্রি হয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউনিয়নের পুন্ডুরিয়া বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে ১৪ বস্তা চাল উদ্ধার করেন।
ইউএনও শফিকুল ইসলাম বলেন, ‘আমরা তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’