চাল ছাড়িয়ে নিলেন আ.লীগ নেতারা
কিশোরগঞ্জের বাজিতপুরে জিআর প্রকল্পের (খয়রাতি) ২০ টন চাল বিক্রির জন্য অন্যত্র নেওয়ার সময় গত রোববার পুলিশ জব্দ করে। কিন্তু জব্দ করার সাত ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা তা ছাড়িয়ে নেন।
ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাজিতপুরের পিরিজপুর এলাকা থেকে গত রোববার বেলা তিনটার দিকে পুলিশ ট্রাকসহ ২০ টন চাল জব্দ করে পিরিজপুর পুলিশ ক্যাম্পের কাছে নিয়ে রাখে। বিক্রির উদ্দেশ্যে কটিয়াদী খাদ্যগুদাম থেকে এ চাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল নেওয়া হচ্ছিল। এ ঘটনায় ট্রাকচালক রাশেদ মিয়াকেও আটক করে পুলিশ।
পিরিজপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, ঘণ্টা খানেকের মধ্যেই কটিয়াদী পৌর আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন, যুবলীগ আহ্বায়ক গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিফাত উল্লাহসহ কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী ক্যাম্পে ছুটে আসেন। চালবোঝাই ট্রাকটি ছাড়িয়ে নিতে তদবির শুরু করেন তাঁরা।
বাজিতপুর থানার এসআই মজিবুর রহমান বলেন, ‘ডিও লেটার পেয়ে আমরা রাত ১০টার দিকে আওয়ামী লীগ নেতাদের কাছে ট্রাকটি হস্তান্তর করি। ডিও লেটারগুলো গিয়াস, আলাউদ্দিন ও রিফাত উল্লাহদের সিন্ডিকেট কিনে নিয়েছেন। তাই স্বাক্ষর রেখে তাঁদের কাছেই ট্রাকটি ছেড়ে দিই।’ নিয়ম অনুযায়ী জিআর প্রকল্পের চাল অন্য উপজেলায় বহনের সুযোগ নেই বলে জানান এসআই মজিবুর। কটিয়াদী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুকিদুল আলম অবশ্য এক ট্রাকে এবং একজনের কাছে এত চাল দেওয়া ঠিক না হলেও ডিও লেটার থাকায় তিনি তা দিয়েছেন বলে স্বীকার করেন। তবে আওয়ামী লীগ নেতাদের কাছে কীভাবে ডিও লেটার এল, তা তিনি জানেন না বলে মন্তব্য করেন। আটকের পরও চালসহ ট্রাকটি ছেড়ে দেওয়ার বিষয়ে কটিয়াদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘তথ্যটি আমার জানা নেই। আর তা করা হয়ে থাকলে ভুল হয়েছে।’ এ বিষয়ে তিনি দপ্তরের নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেবেন বলে জানান।
যুবলীগ আহ্বায়ক গিয়াস বলেন, ‘সারা দেশেই ছাত্রলীগ, যুবলীগ এ ধরনের ব্যবসা করছে। বরাদ্দের চাল খুবই নিম্নমানের। মুসল্লিরা একবার এ চালের খাবার মুখে নিলে দুইবার কুলি করবেন। তাই এ চাল বিক্রি করা ছাড়া উপায় থাকে না।’