ভোলার চরফ্যাশন উপজেলার মুখরবান্দা গুদামে নিম্নমানের চাল পরীক্ষায় কারসাজির অভিযোগ উঠেছে। নমুনা সংগ্রহের সময় কৌশলে খারাপ চাল বাদ দিয়ে ভালো চাল নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি সংগ্রহ অভিযানের অধীন এ বছর উপজেলার ভোলা অটো-রাইস মিল ১৫০ টন চাল সরবরাহ করেছে। প্রতি কেজির দাম ৩৪ টাকা। এর মধ্যে শশীভূষণ গুদামে মে মাসে ৫০ টন এবং মুখরবান্দা গুদামে ৯ জুলাই ১০০ টন চাল দেয় মিল কর্তৃপক্ষ। তখন অভিযোগ ওঠে, নতুন চালের পরিবর্তে পুরোনো কমদামি চাল দেওয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ৯ আগস্ট বরিশাল বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) মো. মহসিন ওই খাদ্যগুদাম পরিদর্শন করেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি চাল পরীক্ষার নির্দেশ দেন। ১২ আগস্ট মুখরবান্দা গুদাম থেকে চালের নমুনা সংগ্রহ করেন বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সহকারী রসায়নবিদ মো. বোরহান উদ্দিন। পরীক্ষায় চাল ভালো মানের প্রমাণিত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন প্রত্যক্ষদর্শী ও ওই গুদামের কর্মী বলেন, সহকারী রসায়নবিদ ৬ নম্বর গুদামের ১ নম্বর খামালের (চালের বস্তার স্তূপ) বাইরের দিকের বস্তা থেকে নমুনা সংগ্রহ করেছিলেন। ভেতরের বস্তার চাল নেননি। গুদামের কর্মকর্তা আবুল কালাম অন্য খামাল থেকে মানসম্মত চালের বস্তা এনে সাজিয়ে রেখেছিলেন। প্রকৃতপক্ষে নিম্নমানের চালের পরিবর্তে নতুন চাল পরীক্ষাগারে পাঠানো হয়েছিল।
জানতে চাইলে আবুল কালাম ম প্রথম আলোকে বলেন, ‘আমি নতুন এসেছি। কিছুই জানি না। আপনি চরফ্যাশনে আসেন। সরাসরি কথা বলি।’ গত বুধবার দুপুর দেড়টার দিকে মুখরবান্দা গুদামে গিয়ে ওই কর্মকর্তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে ফোন করে গুদামের চাল দেখতে চাইলে তিনি লোক পাঠাচ্ছি বলে ফোন বন্ধ করে দেন। প্রায় এক ঘণ্টা পর গুদামের দুজন কর্মী এসে বলেন, ‘গুদাম দেখানো যাবে না। তাঁদের কাছে চাবি নেই।’
সহকারী রসায়নবিদ বোরহান উদ্দিন বলেন, তিনি যে চাল পেয়েছেন, সেই চাল থেকে নমুনা পরীক্ষাগারে পাঠিয়েছেন। ভালো ফলাফল এসেছে। তিনি অনিয়ম বা সমঝোতা করেননি।
ভোলা অটো-রাইস মিলের ব্যবস্থাপক মো. আবদুল হাই বলেন, তাঁরা উপজেলার গুদামে যে চাল দিয়েছেন, তা নিম্নমানের নয়। নতুন মানসম্মত চাল। ১৪ শতাংশ আর্দ্রতা থাকার কথা থাকলেও তাঁদের চালে আর্দ্রতা ছিল সাড়ে ১৩ শতাংশ। হয়তো গুদাম কর্মকর্তারা নতুন চাল বাজারে বিক্রি করে, পুরোনো চাল বস্তায় ভরে রেখেছেন।