চাল পেয়েও জাটকা নিধনে জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় সরকারের মানবিক খাদ্য-সহায়তা কর্মসূচির আওতায় দেওয়া ভিজিএফের কার্ডধারী জেলেদের বিরুদ্ধে মেঘনায় জাটকা নিধনের অভিযোগ উঠেছে। কার্ডবঞ্চিত একাধিক জেলে গত শনিবার মৎস্য অধিদপ্তরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা কার্যালয়ে এ অভিযোগ করেন।
মৎস্য অধিদপ্তরের চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে মৎস্য মন্ত্রণালয়ের নির্দেশে জেলা মৎস্য কার্যালয় মার্চ-এপ্রিলে মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় জাটকা ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে।
ষাটনল গ্রামের কার্ডধারী জেলে নারায়ণ বর্মণের অভিযোগ, ‘কার্ড পাওয়া জেলেরা চালও পাইতাছে, জাটকাও ধরতাছে। হেরা দুই কামই সমানে করতাছে।’
মতলব দক্ষিণ উপজেলার কাজীরবাজার গ্রামের ভিজিএফ কার্ডবঞ্চিত জেলে মো. শিপন বলেন, ‘সরকার আমাগো চাল দিতাছে না। নদীতেও মাছ ধরি না। চাল পাওইন্নারাই প্রতিদিন জাটকা ধরতাছে।’
মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, জাটকা রক্ষা কর্মসূচিতে জেলেদের পুনর্বাসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক খাদ্য-সহায়তা কর্মসূচির আওতায় মতলব উত্তর উপজেলায় ৫ হাজার ৪৫৩ এবং মতলব দক্ষিণ উপজেলায় ২ হাজার ৫৪৯ জেলেকে ভিজিএফ কার্ড দেওয়া হয়েছে। এসব জেলে মাসে ৪০ কেজি করে চাল পাচ্ছেন। এই দুই উপজেলায় ভিজিএফের কার্ড পাননি ৩ হাজার ৫১৯ জেলে।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, তাঁর উপজেলায় এ যাবৎ ২ দশমিক ৪০ মেট্রিক টন জাটকা জব্দ এবং ২৫ জেলের জেল-জরিমানা হয়েছে। তাঁরা প্রায় সবাই ভিজিএফের কার্ডধারী। কার্ডধারী হয়েও যাঁরা জাটকা ধরছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা মৎস্য কর্মকর্তাকে জানানো হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার বলেন, তাঁর উপজেলায় ৬ দশমিক ৫০ মেট্রিক টন জাটকা জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে সাত জেলেকে; যারা সবাই কার্ডধারী।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান বলেন, ‘ভিজিএফের খাদ্য-সহায়তা পেয়েও অনেক জেলে জাটকা ধরছেন। এটা দুঃখজনক। এঁদের কার্ড বাতিলের বিষয়ে আলোচনা চলছে। তবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।’