চাল বিক্রিতে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় খোলাবাজারে চাল বিক্রিতে (ওএমএস) অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ডিলারের কর্মচারী নিজেই গতকাল শুক্রবার কাগজে টিপসই দিয়ে ওএমএসের চাল তুলে অন্যত্র বেশি দামে বিক্রি করেন।
উপজেলার নওয়াপাড়া পৌরসভায় পাঁচটি স্থানে গত বৃহস্পতিবার থেকে ১৫ টাকা দরে চাল বিক্রি শুরু হয়। প্রত্যেক ব্যক্তি পাঁচ কেজি চাল কিনতে পারবেন। এ হিসাব অনুযায়ী, প্রতি কেন্দ্রে বরাদ্দ দেওয়া হয় এক মেট্রিক টন চাল। তা ২০০ পরিবার পাওয়ার কথা।
উপজেলার চেঙ্গুটিয়া বাজারের ডিলার অশোক কুমার শাস্ত্রী নিজে উপস্থিত না থেকে তাঁর কর্মচারী নিবাস কুমার কুণ্ডুকে চাল বিক্রির দায়িত্ব দেন। নিবাস চাল বিক্রি না করে নিজেই কাগজে টিপসই দিয়ে পরে তা বেশি দামে অন্যত্র বিক্রি করেন।
খোলাবাজারে সকাল নয়টা থেকে চাল বিক্রি শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলার কথা। কিন্তু সকাল ১০টা ২০ মিনিটে ওই বাজারে গিয়ে অনেকেই চাল পাননি।
এ বিষয়ে চাঁপাতলা গ্রামের অর্চনা ব্যানার্জি, বালিয়াডাঙ্গা গ্রামের লাকি বেগম, মিনারা বেগম, আফজাল শিকদার ও জোবেদা বিশ্বাস অভিযোগ করেন, এ নিয়ে নিবাসের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। এতে উত্তেজনা দেখা দেয়। পরে বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিশ্বাস এসে পরদিন থেকে নিয়মানুযায়ী চাল দেওয়া হবে—এমন আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
আবদুল্লাহ বিশ্বাস বলেন, ‘প্রত্যেককে পাঁচ কেজি চাল দেওয়ার কথা থাকলেও নিবাসকে আমি অনেকের কাছে বস্তা বস্তা চাল বিক্রি করে কাগজে টিপ দিতে দেখেছি। অথচ অনেকেই চাল কিনতে এসে না পেয়ে ফিরে গেছেন।’
ডিলার অশোক কুমার শাস্ত্রী বলেন, ‘নিবাসকে আমি চাল বিক্রির জন্য রেখেছি। বেশি দামে বস্তা বস্তা চাল বিক্রির অভিযোগ ঠিক নয়। অনেকে চার-পাঁচজন মিলে একসঙ্গে চাল কিনে ভ্যানে করে নিয়ে যান। এ কারণে তাড়াতাড়ি চাল বিক্রি হয়ে যায়।’