চাল ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকান থেকে বাসায় ফেরার পথে চট্টগ্রামে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ১১টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম দেলোয়ার হোসেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসাসংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশে দেলোয়ারের চালের দোকান রয়েছে। শনিবার রাতে দোকান বন্ধ করে শেরশাহ এলাকায় বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, এক ব্যবসায়ীর কাছে লাখ খানেক টাকা পান দেলোয়ার হোসেন। টাকা আদায়ের বিষয়ে রোববার বৈঠক হওয়ার কথা ছিল। এ কারণে তাঁকে কুপিয়ে আহত করা হতে পারে।