চালক ও অস্ত্র ছাড়াই জিপ গাড়ি জমা দিল বিজিবি
জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি উপজেলার আটাপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে উদ্ধার করা জিপগাড়িটি পাঁচবিবি থানায় জমা দেওয়া হয়েছে। তবে গাড়ি থেকে উদ্ধার করা বিদেশি পিস্তল ও সাতটি গুলিভর্তি একটি ম্যাগাজিন এবং এর চালককে হস্তান্তর করা হয়নি।
জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার জানান,জিপগাড়ি থানায় জমা দেওয়া হলেও অস্ত্র এবং এর চালকের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে জয়পুরহাট-৩ বিজিবির আটাপাড়া বিশেষ ক্যাম্পের ল্যান্স নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে সদস্যরা হিলিগামী একটি সাদা জিপগাড়ি আটক করেন। এ সময় গাড়ির সাত-আটজন যুবক পালিয়ে যান। এরপর তাঁরা তল্লাশি করে ওই জিপগাড়ি থেকে বিদেশি পিস্তল ও সাতটি গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করেন। এ সময় তাঁরা ওই জিপের চালক সাদেকুল হককেও আটক করেন। রাতেই চালক,জিপগাড়ি ও অস্ত্র বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নে নেওয়া হয়।
স্থানীয় সংবাদকর্মীরা যোগাযোগ করলে বিজিবির পক্ষ থেকে বিষয়টি স্বীকার করে জানানো হয়, চালক ও জিপগাড়ি তাদের জিম্মায় নিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকেরা আটক চালক ও উদ্ধার করা অস্ত্রের ছবি তোলেন। পরে ওই রাতেই জিপগাড়ি, চালকসহ উদ্ধার করা অস্ত্র বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নে নেওয়া হয়। এ খবর জানাজানির পর শুক্রবার সকালে জেলার সংবাদকর্মীরা বিজিবি ব্যাটালিয়নে যোগাযোগ করে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত হয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সরবরাহ করেন। যথারীতি সংবাদ প্রচার ও প্রকাশ পায়। কিন্তু পরে শুক্রবার রাতে পাঁচবিবি থানায় বিজিবির পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে জিপগাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের কথা উল্লেখ করে সেটি থানায় জমা দেওয়া হয়েছে। জিডি করেন আটাপাড়া বিশেষ ক্যাম্পের ল্যান্স নায়েক মিজানুর রহমান। জিডি গ্রহণ করেন থানায় কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরন্নবী।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতা জানান, সাদা রঙের ল্যান্ড ক্রুজার ওই গাড়িতে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা চড়ে বেড়াতেন।
এ ব্যাপারে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফার মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।