ঈদের ছুটিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় এক দম্পতিকে চাপা দিয়ে মেরে ফেলা ব্যক্তিগত গাড়িটির মালিক আশিকুর রহমান খান। তিনি পেশায় একজন ঠিকাদার। দুর্ঘটনার সময় তাঁর ছেলে নাসিফ খান ওরফে অনি ও তাঁর কয়েকজন বন্ধু গাড়িতে ছিলেন বলে অনুমান করা হচ্ছে। ঘটনার পর শাহীনবাগের বাসায় তালা লাগিয়ে পরিবারটি সরে পড়েছে। পুলিশ অনুসন্ধানের একপর্যায়ে ওই বাসায় গিয়ে কাউকে পায়নি।
কাফরুল থানার পুলিশ জানিয়েছে, তাদের ধারণা, চালকসহ গাড়ির আরোহী ছিলেন তিন থেকে পাঁচজন এবং তাঁদের সবাই মাতাল অবস্থায় ছিলেন। ঘটনার পর গাড়ির ভেতর থেকে মদের বোতলসহ কয়েকটি ভাঙাচোরা বোতল উদ্ধার করা হয়।
গত বুধবার সকাল ছয়টার পর এলিয়েন মডেলের একটি নীল রঙা টয়োটা গাড়ি শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে হাজি আশ্রাফ আলী মার্কেটের সামনে কৃষি মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী আতাউর রহমান (৭৮) ও তাঁর স্ত্রী রওশন আরা বেগমকে (৬০) ধাক্কা দেয়। এতে দুজনেরই মৃত্যু ঘটে।
নিহত দম্পতির স্বজনেরা প্রথম আলোকে বলেন, গত বুধবার ফজরের নামাজ পড়ে আতাউর-রওশন আরা দম্পতি তাঁদের পূর্ব শেওড়াপাড়ার বাসা থেকে বেরিয়ে সেখানকার বাসস্ট্যান্ডে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। মোহাম্মদপুরে বড় মেয়ের বাসায় যাওয়ার জন্য যানবাহন খুঁজছিলেন তাঁরা। এ সময় একটি দ্রুতগামী ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো গ ২১-৮৫৭১) বেপরোয়াভাবে ছুটে এসে আতাউর রহমানকে চাকায় পিষ্ট করে। কারের বাম্পারে আটকে যান আতাউরের স্ত্রী রওশন আরা। এভাবেই তাঁকে অন্তত ২০ গজ টেনে নিয়ে গিয়ে গাড়িটি সড়ক বিভাজকের সঙ্গে প্রচণ্ড ধাক্কা খায়। ঘটনাস্থলে আবেদ আলী (৬০) নামের এক পানের দোকানিও গুরুতর আহত হন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের পরিছন্নতাকর্মীও। ঘটনার সময় তিনি রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন। স্থানীয় লোকজন গাড়ির চালক ও আরোহীদের পিটুনি দেওয়ার পর ছেড়ে দেয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
কৃষি মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী আতাউর রহমান ৯২১ পূর্ব শেওড়াপাড়ার একটি বাড়িতে সপরিবারে থাকতেন। রওশন আরা ছিলেন গৃহিণী। নিহত দম্পতির দুই মেয়ে, এক ছেলে রয়েছেন। দুই মেয়ে বিবাহিত।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কাজীপাড়ার দিক থেকে গাড়িটি আসছিল। ওই গাড়িতে তিন থেকে পাঁচ যুবক ছিলেন। তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে তাঁদের মনে হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে বের হয়ে আসেন যাত্রীরা। তবে গাড়িটি কে চালাচ্ছিলেন এবং কতজন গাড়িতে ছিলেন, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন বলেন, নিহত দম্পতির ছেলে রায়হান বাদী হয়ে কাফরুল থানায় দুর্ঘটনাজনিত মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক ফেরদৌস আহম্মেদ বলেন, ব্যক্তিগত গাড়ির চালকের নাম-ঠিকানা পাওয়া গেছে। তাঁকে ধরতে অভিযান চলছে। তবে তদন্তের স্বার্থে চালকের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন তিনি।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ ও কাফরুল থানার অতিরিক্ত উপকমিশনার জসীমউদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত গাড়িটি তিনবার হাতবদল হয়েছে। গাড়ির সবশেষ মালিকের নাম-ঠিকানা পাওয়া গেছে। একটি ঠিকানায় অভিযান চালিয়ে মালিককে পাওয়া যায়নি। সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে আশিকুর রহমান খান নামে একজনের পরিচয়পত্র। পরিচয়পত্রে তাঁকে ঠিকাদার হিসেবে উল্লেখ করা হয়েছে।
গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ধরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দপ্তরে অনুসন্ধান চালিয়ে জানা গেছে, নীল রঙের টয়োটা এলিয়েন মডেলের গাড়িটি ২০০৮ সালে নিবন্ধন করা হয়। এরপর লিখিতভাবে দুবার মালিকানা পরিবর্তন হয় গাড়িটির। কাগজপত্রে এটির সবশেষ মালিক হাসান হায়দার। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, গাড়িটি তিনি নাঈম নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। তবে নিবন্ধনে এই তথ্য হালনাগাদ করা হয়নি। নাঈম পুরোনো গাড়ি কেনাবেচার ব্যবসা করেন। হাসান হায়দার গতকাল প্রথম আলোকে বলেন, তিনি জেনেছেন, নাঈমের কাছ থেকে গাড়িটি কিনেছেন আশিকুর রহমান খান। আশিকুরই এটির সবশেষ মালিক।
তেজগাঁওয়ের শাহীনবাগে আশিকুর রহমানের বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। ভবনের দারোয়ানের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহার দিন মঙ্গলবার রাত দেড়টার দিকে আশিকুরের ছেলে নাসিফ তাঁর এক বন্ধুর সঙ্গে গাড়ি নিয়ে বের হন। সকালে নাসিফ তাঁর শাহীনবাগের বাসায় ফেরেন। এর ঘণ্টা দুয়েক পর পুরো পরিবার সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ছেড়ে যায়।
এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহত দম্পতির শেওড়াপাড়ার বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো বাড়ি শোকে স্তব্ধ। ছেলে, ছেলের বউ, দুই মেয়ে, মেয়ের জামাই ও সাত নাতি-নাতনি এখনো বিহ্বল অবস্থা কাটিয়ে উঠতে পারেননি।
একমাত্র ছেলে মো. রায়হান প্রথম আলোকে বলেন, ‘মা-বাবা এখন আমার কাছে শুধুই ছবি। কখনো ভাবিনি দুজনকে একসঙ্গে দাফন করব।’