চালক-সহকারীকে পিটিয়ে সয়াবিনভর্তি ট্রাক ছিনতাই
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী সয়াবিনভর্তি একটি ট্রাক ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের মারধরে আহত ব্যক্তিরা হলেন ট্রাকের চালক আবদুল গফুর (৪০) ও চালকের সহকারী মুকুল চন্দ্র বায় (৩৫)। তাঁরা দুজন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ট্রাকের চালকের সহকারী মুকুল চন্দ্র রায়ের ভাষ্য, চট্টগ্রাম থেকে সয়াবিন নিয়ে তাঁরা দিনাজপুরের উদ্দেশে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে টাঙ্গাইলের সখীপুরে পৌঁছালে একটি পিকআপ তাঁদের ট্রাকের গতিরোধ করে। এ সময় ওই পিকআপে থাকা পাঁচ-ছয়জন ছিনতাইকারী ট্রাকে উঠে তাঁকে এবং চালক গফুরকে টেনেহিঁচড়ে পিকআপে তোলে। ছিনতাইকারী দলের দুই-তিনজন ট্রাকটিকে চালিয়ে নিয়ে যায়।
মুকুল চন্দ্রের দাবি, পিকআপে তুলে তাঁদের বেধড়ক মারধর করা হয়। ছিনতাইকারী দলের সদস্যরা পিকআপে করে তাঁদের ঢাকায় নিয়ে আসে। আহত অবস্থায় রাত তিনটার দিকে তাঁদের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ফেলে রেখে ছিনতাইকারীরা চলে যায়। পরে ওই এলাকার টহল পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের জরুরি বিভাগে গফুর ও মুকুলের চিকিৎসা চলছে। তাঁদের শরীরে অনেক মারধরের আঘাতের চিহ্ন রয়েছে। চালক গফুরের অবস্থা গুরুতর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প-১-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ওই হাসপাতালে গফুর ও মুকুলের চিকিৎসা নেওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।