চালক হত্যা করে অটোরিকশা ছিনতাই, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় কাউসার মিয়া নামে এক চালককে হত্যা করে সিএনজিচালিত একটি অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার পাচঁ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত অটোরিকশাচালক কাউসার মিয়ার (৩২) বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রমাপুর গ্রামে। আটক হওয়া পাঁচজন হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের রুবেল মিয়া (২৫), একই উপজেলার মাছুলিয়া গ্রামের বাদল (২২), বড়বহুলা গ্রামের শাহ আলম (২০), ধুলিয়াখাল গ্রামের কাউসার মিয়া (২২) ও মোহনপুর গ্রামের জুয়েল মিয়া (২০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যাত্রীবেশে পাঁচ ব্যক্তি গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার ওলিপুর থেকে হবিগঞ্জ শহরে আসার জন্য কাউসার মিয়ার অটোরিকশা ভাড়া নেয়। নছরতপুর-কামড়াপুর সড়কের ভাদৈ গ্রামে আসার পর যাত্রীরা অটোরিকশার চালক কাউসার মিয়াকে জাপটে ধরে। একপর্যায়ে তারা তাঁকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে চলে যায়। খবর পেয়ে গতকাল ভোর ছয়টার দিকে হবিগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাইসারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।
গতকাল সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশ ছিনতাই করা অটোরিকশা বিক্রির সময় শ্রীমঙ্গল উপজেলা কালাপুর ইউনিয়নের বরুণা গ্রাম থেকে পাঁচ ছিনতাইকারীকে আটক করে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন জানান, আটক পাঁচজনকে গতকালই হবিগঞ্জ সদর থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।