চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই
ময়মনসিংহের নান্দাইল-কেন্দুয়া সড়কে এক চালককে চেতনানাশক ওষুধ খাইয়ে রাস্তায় ফেলে তাঁর ইজিবাইক লুট করেছে দুর্বৃত্তরা। পরে পথচারীরা সড়কের পাশের জঙ্গল থেকে ওই চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গত শনিবার রাতে সড়কটির ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই চালকের নাম আবদুস সাত্তার (৩৫)। তিনি কেন্দুয়া উপজেলার টিপড়া এলাকার বাসিন্দা। তিনি আনোয়ার হোসেন নামক এক ব্যক্তির ইজিবাইক ভাড়া নিয়ে চালাতেন। রাতে মালিকের গ্যারেজে গাড়ি জমা রাখতেন। শনিবার রাতে মালিক গ্যারেজে গাড়িটি দেখতে না পেয়ে চালকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পান। পরে রাত সাড়ে নয়টার দিকে ফুলবাড়িয়া এলাকার লোকজনের কাছ থেকে আনোয়ার হোসেন জানতে পারেন, চালককে অচেতন অবস্থায় রাস্তার পাশের জঙ্গল থেকে উদ্ধার করা গেলেও ইজিবাইকটির খোঁজ পাওয়া যাচ্ছে না।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. কামরুজ্জামান বলেন, ওই চালকে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছিল। বর্তমানে তিনি বিপদমুক্ত। চালকের পরিবারের লোকজন গতকাল রোববার দুপুরে তাঁকে বাড়ি নিয়ে গেছেন। তবে চালক তখনো গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় কথা বলা যায়নি।
নান্দাইল থানার ওসি কাজী আয়ূবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।