চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা
চালককে অজ্ঞান করে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় মো. রফিকুল (৩৩) ও মো. মতিন (৩৮) নামের দুজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ আহতাবস্থায় রফিকুল ও মতিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। একই সঙ্গে ভর্তি করা হয় অটোরিকশাচালক মন্নু মিয়াকেও।
হাসপাতালে যাওয়া মন্নু মিয়ার পরিচিত আরেক অটোরিকশাচালক সাংবাদিকদের জানান, মিলন চত্বরের পাশে রফিকুল ও মতিন নামের ওই দুজন বেলের শরবত বিক্রি করছিলেন। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে সড়কের পাশে অটোরিকশা রেখে মন্নু তাঁদের কাছ থেকে শরবত কিনে খেয়ে ফুটপাতে বসেন। সেখানেই ধীরে ধীরে অচেতন হয়ে পড়েন তিনি। এরপর রফিকুল কৌশলে তাঁর কাছ থেকে চাবি নিয়ে অটোরিকশায় উঠে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি আশপাশের লোকজন বুঝতে পেরে রফিকুলকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সন্দেহ হলে লোকজন তাঁকে ধরে পিটুনি দেন। একই সঙ্গে মতিনকেও ধরে মারধর করা হলে দুজনই আহত হন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে।
যোগাযোগ করা হলে শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।