চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় যাত্রীবেশী দুর্বৃত্তরা জুয়েল রানা (২২) নামের এক চালককে কুপিয়ে আহত করে তাঁর সিএনজিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। আহত চালক বগুড়ার শাজাহানপুর উপজেলার নাচি গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
ধুনট থানার ওসি জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার পর থেকেই অটোরিকশাটি উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গত শনিবার রাত ১০টার দিকে তিনজন যাত্রী শিক্ষার্থী পরিচয় দিয়ে ধুনটে আসার উদ্দেশ্যে বগুড়ার সাতমাথা স্ট্যান্ড থেকে জুয়েল রানার অটোরিকশাটি রিজার্ভ করে। তারা পথে রাত ১১টার দিকে ধুনট-সোনাহাটা সড়কের খোকশাহাটা ইটভাটার কাছে চালককে অটোরিকশাটি থামাতে বলে। পরে দুর্বৃত্তরা চলকের মাথায় রামদা দিয়ে কুপিয়ে আহত করে হাত-পা বেঁধে রাস্তার পাশে খাদের পানিতে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এ সময় চালকের চিৎকার শুনে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।