চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীর জুরাইন এলাকায় চালককে এলোপাতাড়ি কুপিয়ে একটি সিএনজি অটোরিকশা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোর পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।
আহত অটোরিকশা চালক আবদুর রাজ্জাক (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসা নেওয়ার কথা হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা নিশ্চিত করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আবদুর রাজ্জাকের দাবি, আজ ভোরে তিনি মালিবাগে একটি বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুই ব্যক্তি এসে জুরাইন যাওয়ার কথা বলেন। ২০০ টাকা ভাড়ায় তিনি যেতে রাজি হন। ওই দুই ব্যক্তিকে নিয়ে তিনি জুরাইন রেলগেটের কাছে কমিশনার গলিতে পৌঁছালে তাঁকে থামতে বলা হয়। তিনি অটোরিকশাটি থামাতেই পাশ থেকে দুই ব্যক্তি ছুটে আসেন। তখন ওই দুই ব্যক্তির সঙ্গে যাত্রীবেশে আসা দুই ব্যক্তি মিলে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।
আবদুর রাজ্জাকের ভাষ্য, ছিনিয়ে নেওয়া সিএনজি অটোরিকশাটির নম্বর (ঢাকা মেট্রো থ ১৪ ১৫২৬)। এটি তিনি ভাড়ায় চালাতেন। আহত অবস্থায় পথচারীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আবদুর রাজ্জাকের দুই হাতের কবজি, মাথা ও কানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।