চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীবেশী ছিনতাইকারীরা চালকের অণ্ডকোষ কেটে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে। গত মঙ্গলবার রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বেলাইচণ্ডী ইউনিয়নের শিয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহত ইজিবাইকচালকের নাম শামসুল হক (২৮)। তিনি পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। রাতেই গ্রামবাসী মুমূর্ষু অবস্থায় শামসুল হককে উদ্ধার করে পাশের সৈয়দপুর সরকারি ১০০ শয্যা হাসপাতালে নিয়ে আসে।
পার্বতীপুর থানার পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে তিন-চারজন লোক বেলাইচণ্ডী ইউনিয়নের চাকলাবাজার যাওয়ার কথা বলে শামসুলের ইজিবাইকটি ভাড়া নেয়। হঠাৎ পথে শিয়ালডাঙ্গায় নির্জন ধানখেতের পাশে নামতে চায় তারা। ওই সময় যাত্রীবেশী ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে ইজিবাইকচালক শামসুলকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁকে পাশের ধানখেতে মুখ বেঁধে ফেলে রেখে পালিয়ে যায় তারা। আহত শামসুলের গোঙানির শব্দ শুনে পাশের গ্রামের লোকজন উদ্ধার করে। খবর পেয়ে পার্বতীপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম ও সাদেক হোসেন ঘটনাস্থলে যান। এলাকাবাসীর সহযোগিতায় শামসুলকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সিরাজুল ইসলাম বলেন, অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, ঘটনার তদন্ত চলছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।