নোয়াখালী সদর উপজেলার ৬ নম্বর নোয়াখালী ইউনিয়নের কাজিরটেক এলাকায় চালককে কুপিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। গত বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
হামলার শিকার মোটরসাইকেলচালকের নাম মো. মাসুদ (২৫)। তিনি পাশ্ববর্তী সুবর্ণচর উপজেলার পশ্চিম চর জব্বর গ্রামের বাসিন্দা। তাঁকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আটক দুই যুবক হলেন সদর উপজেলার চর উড়িয়ার মো. সোহেল (২৫) ও মো. সুমন (২৬)।
হাসপাতালে চিকিৎসাধীন মোটরসাইকেলচালক মো. মাসুদ প্রথম আলোকে বলেন, বুধবার রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে সুবর্ণচরের কাঞ্চনবাজার থেকে এক ব্যক্তি তাঁকে সদর উপজেলার আন্নালাসা এলাকায় যাওয়ার কথা বলে ২০০ টাকায় মোটরসাইকেল ভাড়া নেন। তিনি ওই ব্যক্তিকে নিয়ে আন্নালাসা এলাকায় যাওয়ার পর তাঁকে চর দরবেশ ও পরে কাজিরটেক এলাকায় নিয়ে যান। সেখানে গ্রামের একটি সড়কের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় তাঁকে। তখন আরও দুই ব্যক্তি এসে হাজির হয়। একপর্যায়ে ওই তিন ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে তাঁর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ধাওয়া করে ছিনতাইকারীদের দুজনকে ধরে ফেলেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুজনকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।