চালককে কুপিয়ে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চালককে কুপিয়ে হত্যার পর মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ রিপন বেপারী (৩০) নামের ওই চালকের লাশ উদ্ধার করে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী সোহেল হাওলাদারকে (৩০) আটক করেছে পুলিশ।

নিহত রিপন বেপারী ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে আয় করতেন। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের ছলেমান বেপারীর ছেলে।

ওই মোটরসাইকেলের আরোহী সোহেলের দাবি, রাত ১০টার দিকে ঢাকা থেকে বরিশাল ফেরার পথে কাওরাকান্দি ঘাট এলাকায় তিনি রিপনের মোটরসাইকেল ভাড়া করেন। পরে বামনকান্দা এলাকায় পৌঁছালে সাত-আটজন দুর্বৃত্ত রাস্তায় রশি টেনে মোটরসাইকেলের গতি রোধ করে। এ সময় দুজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে তাঁর কাছে থাকা এক হাজার ৫০০ টাকা ও একটি মুঠোফোন ফোন ছিনিয়ে নিয়ে তাঁকে গাছের সঙ্গে বেঁধে রাখে। অন্যরা মোটরসাইকেলচালককে রাস্তার পাশে খাদে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আজ সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহত রিপনের শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যপারে একটি হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।