চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে চালককে খুন করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গতকাল রোববার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে নিহত চালক মো. মাহবুবের (২৭) লাশ উদ্ধার করা হয়। চাটখিল থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মাহবুবের বাড়ি মোহাম্মদপুর ইউনিয়নের ফরানপুর গ্রামে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহিদুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় জয়াগ বাজারের অটোরিকশাস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন মাহবুব। ওই সময় সোনাইমুড়ী উপজেলার পশ্চিম নাওতলা থেকে এক ব্যক্তি তাঁকে ফোন করে সেখানে যেতে বলেন। পরে মাহবুব অটোরিকশা নিয়ে চলে যান।
এরপর রাতে তাঁকে আর স্ট্যান্ডে দেখা যায়নি। রাতে তিনি বাড়িও ফেরেননি।
সূত্র জানায়, রাতে পরিবারের লোকজন মাহবুবের মুঠোফোন বন্ধ পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে গতকাল সকালে মাহবুবের লাশ পাওয়া যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল হক প্রথম আলোকে বলেন, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা মাহবুবকে খুন করে তাঁর অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।