চালককে খুন করে অটোরিকশা ছিনতাই
সিরাজগঞ্জের সলঙ্গা থানায় জাহাঙ্গীর হোসেন (২২) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে পুলিশ তাঁর লাশ রায়গঞ্জ উপজেলার নওদা শালুয়া এলাকা থেকে উদ্ধার করে।
নিহত জাহাঙ্গীর সলঙ্গা থানার ত্রাণদহ গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর পরিবার জানায়, তিনি গতকাল শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু আর বাড়ি ফেরেননি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকাল নয়টার দিকে নওদা শালুয়া গ্রামের মাঠে স্থানীয় লোকজন একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে নিহত ব্যক্তির স্বজনেরা লাশ শনাক্ত করেন।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করার জন্য জাহাঙ্গীরকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। পরে তাঁর লাশ মাঠের মধ্যে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির চাচা আবদুস সামাদ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ছিনতাই হওয়া অটোরিকশা এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চালছে বলে তিনি জানান।