বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চালক আমির আলী মণ্ডলকে (৩২) খুন করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার সকালে উপজেলার বেতগাড়ি বালিকা বিদ্যালয়ের পাশের নালা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত আমির আলী উপজেলার অভিরামপুর গ্রামের মৃত জেল্লাল মণ্ডলের ছেলে।
এদিকে পূর্ববিরোধের জের ধরে শুক্রবার রাতে প্রতিপক্ষের হামলায় মাহবুবুর রহমান (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গণকপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহত আমির আলী মণ্ডলের পরিবার সূত্র জানায়, আমির আলী অপরের অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে তিনজন তরুণ পাশের উপজেলা সোনাতলায় যাওয়ার কথা বলে তাঁর অটোরিকশা ভাড়া নেয়। এর প্রায় এক ঘণ্টা পর থেকে আমিরের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাতে যথাসময়ে তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরে সকালে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। তাঁদের ধারণা, অটোরিকশা ভাড়া নিয়ে খুনিরা বিভিন্ন টালবাহানা করে গভীর রাত করায়। পরে তারা আমির আলীকে শ্বাসরোধ ও জখম করে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে গেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব গতকাল শনিবার বিকেলে বলেন, মামলা করার প্রক্রিয়া চলছে। অপরাধীদের ধরতে এবং অটোরিকশা উদ্ধার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
সোনাতলা থানার ওসি সেলিম হোসেন বলেন, মাহবুবুর রহমান শুক্রবার সোনাতলা উপজেলার করমজা হাটে সওদা করে রুবেল হোসেন নামের একজন শ্রমিককে সঙ্গে নিয়ে হেঁটে সারিয়াকান্দি উপজেলার গণকপাড়ার বাড়ি ফিরছিলেন। পথে সন্ধ্যা সাতটার দিকে ইউনাইটেড উচ্চবিদ্যালয়-শেখাহাতি এলাকায় ওত পেতে থাকা দুর্বৃত্তরা রড ও লাঠি নিয়ে তাঁর ওপর হামলা করে। হামলায় তিনি মারাত্মক আহত হলে তাঁকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মাহবুবুর রহমানের চাচাতো ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ আরও ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সোনাতলা থানায় গতকাল শনিবার মামলা দায়ের করেছেন।