চালককে খুন করে অটোরিকশা ছিনতাই
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আনোয়ার হোসেন (৪৭) নামের এক চালককে খুন করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
আনোয়ারের স্ত্রী সালেহা বেগম জানান, গত শনিবার সন্ধ্যায় আনোয়ার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে ওই দিন রাতে তিনি আর বাড়িতে না ফেরায় বারবার তাঁর মুঠোফোনে ফোন করা হয়। কিন্তু তা বন্ধ পাওয়া যায়। গতকাল রোববার সকালে কয়েকজন লোক পাশের ওলানপাড়া গ্রামে রাস্তার পাশের জমিতে আনোয়ারের লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সালেহা আরও জানান, দুর্বৃত্তরা তাঁর স্বামীকে শ্বাসরোধে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
আনোয়ারের ছোট ছেলে পুলিশ সদস্য মাজহারুল ইসলাম জানান, তাঁর বাবা বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’র বিটেশ্বর উপকেন্দ্রের ভূমিহীন সমিতির উত্তর মোহাম্মদপুর গ্রামের সভাপতি ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
অটোরিকশাচালক উপজেলার শ্রীচাইল মোহাম্মপুর গ্রামের শফিকুল ইসলাম (৫০), উত্তর মোহাম্মদপুর গ্রামের হোসেন মিয়া বলেন, ‘শনিবার সন্ধ্যায় গ্রামের ফজলুল হকের দোকানে আমরা একসঙ্গে চা খেয়েছি। পরদিন সকালে তাঁর মৃত্যুর খবর মেনে নিতে পারছি না। শত্রুতা ছাড়া দুর্বৃত্তরা এভাবে একজনকে নির্মমভাবে হত্যা করতে পারে না।’
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, তাঁদের ধারণা, আনোয়ারকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।