চালককে খুন করে ইজিবাইক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় মামুন মিয়া (২৮) নামের এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পুলিশ উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বাঘবেড় গ্রামের চরপাড়া এলাকার ‘বেতাই নদী’ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। নিহত চালকের বাড়ি উপজেলার মাস্কা গ্রামে। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাঁকে খুন করে ইজিবাইকটি নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ, চালকের পারিবার ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মামুন মিয়া স্থানীয় মাস্কা সোয়েটার কারখানার শ্রমিক ছিলেন। প্রায় এক মাস আগে তিনি চাকরি ছেড়ে দেন। এর পর থেকে তিনি নতুন একটি ইজিবাইক কিনে সেটি নিজেই চালাতেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে ইজিবাইক নিয়ে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বাঘবেড় গ্রামের চরপাড়া এলাকার বেতাই নদী নামে পরিচিত খালে স্থানীয় লোকজন হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ দেখতে পান। খবর পেয়ে বেলা দুইটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ওই চালকের স্বজনেরা মামুনের লাশ শনাক্ত করেন।
কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব বলেন, ধারণা করা হচ্ছে নতুন ইজিবাইকটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।