চালককে খুন করে পিকআপ ছিনতাই
টাঙ্গাইলের মির্জাপুরে চালককে খুন করে পিকআপ ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত বুধবার উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকা থেকে পুলিশ চালক হোসেন আলীর (২৪) লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, ময়মনসিংহের পাগলা থানার মশাখালী গ্রামের আবুল হাশেমের ছেলে হোসেন আলী গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ভাড়া বাসায় থেকে ভাড়ায় পিকআপ ভ্যান চালাতেন। গত মঙ্গলবার চেরাগআলী বাসস্ট্যান্ড থেকে দুই দুর্বৃত্ত আসবাব আনার কথা বলে তিন হাজার টাকায় ভাড়া মিটিয়ে হোসেন আলীকে নিয়ে টাঙ্গাইলের সখীপুরের উদ্দেশে রওনা হয়। পরে তিনি আর বাসায় ফেরেননি।
বুধবার সকালে মির্জাপুর থানার পুলিশ হাত-পা বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে।
খবর পেয়ে হোসেন আলীর ভাই কালু মিয়া রাতে থানায় এসে লাশটি তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন। পুলিশ বৃহস্পতিবার হোসেন আলীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।