চালককে খুনের পর ছিনতাই করা গাড়ি কেরানীগঞ্জে উদ্ধার
রাজধানীর বনশ্রী থেকে গত রোববার গভীর রাতে চালককে হত্যা করে ছিনতাই হওয়া গাড়িটি কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশের ধাওয়ায় দুর্বৃত্তরা গাড়িটি ঝিলমিল প্রকল্পে রেখে পালিয়ে যায়। পরে গাড়িটিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়।
মংলা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা গাড়িটি ফারুক খাঁ নামের এক চালক বনশ্রীর বি ব্লকে এক গাড়ি ব্যবসায়ীর গ্যারেজে নেওয়ার সময় রোববার দিবাগত রাত তিনটার দিকে সি ব্লকের মাথায় দুর্বৃত্তরা আরেকটি গাড়ি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়িটি থামায়। দুর্বৃত্তরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ফারুক খাঁকে হাতকড়া পরিয়ে ও গুলি করে হত্যা করে গাড়িটি নিয়ে যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ জানায়, সোমবার ভোরে (গাড়িটি ছিনতাই হওয়ার পর) ঢাকা-মাওয়া মহাসড়কের তল্লাশি চৌকিতে নম্বর-প্লেটবিহীন গাড়িটি পুলিশ থামিয়েছিল। ওই গাড়ির ব্যক্তিরা পুলিশকে কোনো কাগজও দেখাতে পারেননি। ফলে পুলিশ গাড়িটিকে থানায় নিতে সামনে থেকে সরে দরজা খুলতে গেলে চালক দ্রুতবেগে গাড়ি চালিয়ে চলে যান। পরে সোমবার রাত নয়টার দিকে ওই গাড়ি মাওয়ার দিক থেকে ঢাকার দিকে আসতে দেখে থামার সংকেত দেন তল্লাশি চৌকিতে থাকা পুলিশ সদস্যরা। কিন্তু চালক গাড়িটি ঘুরিয়ে ফেলেন। তল্লাশি চৌকির উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান মোটরসাইকেল নিয়ে ধাওয়া করলে গাড়িটি রাজউকের ঝিলমিল প্রকল্পে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর পুলিশ গাড়িটিকে প্রকল্পের ভেতরে তালাবদ্ধ অবস্থায় পায়। পরে মিস্ত্রি ডেকে তালা ভেঙে পুলিশ গাড়িটিকে থানায় নেয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীর জানান, গতকাল সকালে পত্রিকার খবর দেখে তিনি রামপুরা থানায় যোগাযোগ করেন। রামপুরা থানা থেকে নিশ্চিত করা হয়, এটিই বনশ্রী থেকে ছিনতাই হওয়া গাড়ি।
নয়াপল্টনের মানতেন মোটরস নামের একটি প্রতিষ্ঠানের জন্য গাড়িটি মংলা বন্দর থেকে চালিয়ে ঢাকায় এনেছিলেন নিহত ফারুক খাঁ। মানতেন মোটরসের ব্যবস্থাপক ওমর ফারুক খান প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় তাঁরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে গাড়িটি দেখেছেন। সাদা রঙের যে গাড়ি দিয়ে ওই গাড়িটি থামানো হয়েছিল, সেই সাদা রং গাড়িতে লেগে আছে।
রামপুরা থানার ওসি মাহাবুবুর রহমান তরফদার বলেন, কিছু সূত্র মিলেছে। পুলিশ চেষ্টা করছে দুর্বৃত্তদের ধরতে।