চালককে গুলি করে গাড়ি ছিনতাই, হাতকড়া পরা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনি গাড়ি থেকে নামেন, আপনাকে অ্যারেস্ট করব।’

‘কেন আমার কী দোষ।’

গত রোববার, দিবাগত রাত প্রায় তিনটা। এমন বাক্যবিনিময় শুনতে পাচ্ছিলেন রাজধানীর বনশ্রীতে একটি এটিএম বুথের নিরাপত্তাকর্মী রতন কান্তি। কিছুটা ধস্তাধস্তি, মারধর। এরপর দুটি গুলির শব্দ। দুটি গাড়ির সজোরে স্থান ত্যাগ। অন্য নিরাপত্তাকর্মীদের সঙ্গে ছুটে গিয়ে দেখেন পড়ে আছে এক ব্যক্তির লাশ, ডান হাতে একটি হাতকড়া।

গতকাল সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশ আসে। তারা জানতে পারে লাশটি বাগেরহাটের গাড়িচালক ফারুক খাঁর (৩২)। তিনি আমদানি করা একটি গাড়ি মংলা সমুদ্রবন্দর থেকে ঢাকায় আনেন। বনশ্রীর বি-ব্লকের এক গাড়ি ব্যবসায়ীর বাসার িনচতলার গ্যারেজে গাড়িটি রাখার কথা ছিল। সেখানে যাওয়ার আগেই সি-ব্লকের মাথায় দুর্বৃত্তরা ফারুক খাঁকে গুলি করে গাড়িটি নিয়ে যায়। বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের সামনেই ঘটে ঘটনাটি। আর মসজিদের পেছনেই বনশ্রী পুলিশ ফাঁড়ি। কিছু দূরে রামপুরা থানা। ওই পথে ঢোকার মুখেও ছিল পুলিশের তল্লািশচৌকি।

এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদশা খাঁ গতকাল রামপুরা থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, তাঁর চোয়াল থেকে একটি গুলি বের করেছেন ময়নাতদন্তকারী চিকিৎসকেরা। এ ছাড়া আরেকটি গুলি গাল ফুটো হয়ে বের হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বনশ্রী কল্যাণ সমিতির নিরাপত্তাকর্মী আবদুল মজিদ বলেন, তিনি ওই রাস্তাতেই হেঁটে টহল দিচ্ছিলেন। গুলির শব্দ শুনে ছুটে এসে দেখেন একটা গাড়ির সামনে আরেকটি গাড়ি তেরচা করে রাখা। একজন মানুষ রাস্তায় পড়ে আছেন। তিনি বাঁশিতে ফুঁ দেওয়া শুরু করেন। তখন দুটো গাড়িই সজোরে ঘুরিয়ে তাঁকে চাপা দেওয়ার চেষ্টা করে রামপুরা ব্রিজের দিকে চলে যায়। তিনি দৌড়ে পাশের ভবনের সিঁড়িতে উঠে যান। সাদা রঙের গাড়িটিতে দুজন বসা ছিল। আরেকটি গাড়ির কাচ ঘোলা হওয়ায় ভেতরে কজন ছিল তা বোঝা যায়নি।

গতকাল গিয়ে দেখা গেল বনশ্রী জামে মসজিদের সামনের রাস্তায় বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। ঘেরার মাঝখানে রক্ত শুষে কালচে-শক্ত হয়ে গেছে মাটি। সেখান থেকে বনশ্রী পুলিশ ফাঁড়ি হেঁটে যেতে ৪০ সেকেন্ডের মতো সময় লাগে। বনশ্রী কল্যাণ সমিতির নিরাপত্তাকর্মীদের পাশাপাশি রাতে ওই রাস্তায় পুলিশ টহলও থাকে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান তরফদার বলেন, গাড়িটা নিয়ে বনশ্রীর পথে ঢোকার কিছুক্ষণ পরেই আরেকটি গাড়ি দিয়ে প্রতিবন্ধকতা দেয় দুর্বৃত্তরা। এরপর পুলিশ সেজে ওই গাড়ির চালককে গ্রেপ্তার করতে চায়। তাঁর হাতে হাতকড়া পরায়। কিন্তু চালক গাড়ির নিয়ন্ত্রণ ছাড়তে না চাওয়ায় গুলি করে গাড়ি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পাশের ভবনের ভেতর থেকে একজন নিরাপত্তাকর্মী দুর্বৃত্তদের সঙ্গে চালকের কথোপকথন শুনেছেন। তিনি দাবি করেন, সি-ব্লকেই পুলিশের টহল দল ছিল। ঘটনার পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছেছে।

হাতকড়ার ওপর খোদাই করে পুলিশ লেখা ছিল। এ বিষয়ে ওসি বলেন, রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে এ ধরনের হাতকড়া ও পুলিশের ব্যবহার্য সামগ্রী কিনতে পাওয়া যায়।

নিহত ফারুক খাঁ রাজধানীর নয়াপল্টনের মানতেন েমাটরস নামে একটি প্রতিষ্ঠানের জন্য একটি সোনািল রঙের টয়োটা এক্স এক্সিও গাড়ি ঢাকায় নিয়ে আসছিলেন। মানতেন েমাটরসের ব্যবস্থাপক ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, রোববার রাত আটটার দিকে মানতেন েমাটরসের জন্য দুটি গাড়ি নিয়ে ফারুক ও খাজা নামের দুই চালক রওনা দেন। রাত তিনটার দিকে খাজা জানান তিনি নয়াপল্টনে গাড়ি ঠিকমতো রেখে ফিরে যাচ্ছেন। চারটার দিকে খাজা আবারও ফোন করে জানান, বাগেরহাটের কাটাখালী গাড়িচালক সমিতি থেকে তাঁকে ফোন করে জানানো হয়েছে যে ফারুককে গুলি করে গাড়ি নিয়ে গেছে দুর্বৃত্তরা। ফারুক কাটাখালী চালক সমিতির সদস্য, সেই পরিচয়পত্র (কার্ড) তাঁর পকেটে ছিল। এইর সূত্র ধরে পুলিশ কাটাখালীতে ফোন করে।

ফারুকের সহকর্মী চালক মোহাম্মদ আলী জানান, প্রতি মাসে কয়েকবার তাঁরা মংলা বন্দর থেকে নতুন গাড়ি চালিয়ে ঢাকায় নিয়ে আসেন। প্রতি গাড়ি নিয়ে আসার জন্য তাঁরা দেড় থেকে দুই হাজার টাকা পান। এই চালকেরা বিভিন্ন ঠিকাদারের অধীনে কাজ করেন। ঢাকার গাড়ি ব্যবসায়ীরা এসব ঠিকাদারের সঙ্গে গাড়ি ঢাকায় আনার চুক্তি করেন। গত রোববার রাতেও তাঁরা ঠিকাদার আল আমিনের হয়ে দল বেঁধে ১০টি গাড়ি নিয়ে ঢাকায় আনেন। ঢাকায় ঢোকার পরে একেকজন একেক মালিকের গ্যারেজে গাড়ি রাখতে যান। অন্য দিনের মতোই ভোর বেলা মাওয়া ঘাটে যেতে তাঁরা একটি বাসে ওঠেন। কিছুক্ষণ পরেই খবর আসে ফারুক গুলিবিদ্ধ হয়েছেন।

গতকাল বিকেলে ময়নাতদন্ত শেষে ফারুকের লাশ গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাটে নিয়ে গেছেন স্বজন ও সহকর্মীরা। রিয়া (৭) ও পিয়া (৫) নামের দুই মেয়ের বাবা ফারুক। স্ত্রী বকুল বেগমকে নিয়ে তিনি বাগেরহাটে থাকতেন।