চালককে গুলি করে মোটরসাইকেল ছিনতাই
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চালককে গুলি করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া-দৌলতপুর সড়কের বোয়ালিয়া মাঠে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোটরসাইকেলের চালক আলী আকবর ওরফে বকুলকে (৪৩) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলী আকবর দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের ছাপান উদ্দীনের ছেলে। তিনি দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে মাস্টাররোলে চাকরি করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে থাকা অবস্থায় আলী আকবর প্রথম আলোকে বলেন, দুপুরে তিনি বোয়ালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে দৌলতপুর শহরের বাড়িতে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে বোয়ালিয়া গ্রামের মাঠের মধ্যে একটা পুলের কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচ ব্যক্তি তাঁর গতিরোধ করে। এরপর দুজন তাঁর বুকে ও পায়ে পিস্তল ধরে। একজন মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। পিস্তল হাতে থাকা একজন মাথায় ও মুখে পিস্তল দিয়ে আঘাত করে। দুই থেকে তিন মিনিটের মধ্যে মোটরসাইকেল কেড়ে নেয়। একপর্যায়ে একজন বাঁ পায়ে গুলি করে এবং তাঁর মুঠোফোন ও মানিব্যাগ কেড়ে নেয়। অন্য দুজন তাঁর দুই হাত ধরে সড়কের পাশে ফেলে দেয়। এরপর তারা মোটরসাইকেল নিয়ে বোয়ালিয়া গ্রামের দিকে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকারে মাঠের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আলী আকবর বলেন, দুর্বৃত্তদের মুখ খোলা ছিল। তাদের কাউকে তিনি চিনতে পারেননি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এশরাক নাজনীন বলেন, আলী আকবরের বাঁ পায়ে গুলি লেগেছে। গুলিটি ভেতরে রয়েছে। অস্ত্রোপচার করে সেটা বের করতে হবে। তবে তিনি আশঙ্কামুক্ত।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা ঘটনাটি ঘটিয়েছে। তাদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।