কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় গত শনিবার রাতে চালককে ছুরিকাঘাত করে একটি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জনতার সহায়তায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
ছুরিকাঘাতে আহত অটোরিকশার চালক মোহাম্মদ হোছাইনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকরিয়া পৌর শহরের মাস্টারপাড়ার আবদুল হামিদ (১৯) ও সোসাইটিপাড়ার আবদুল্লাহ আল নোমান (১৬)।
অটোরিকশার চালক মোহাম্মদ হোছাইন বলেন, শনিবার সন্ধ্যায় পাঁচ ব্যক্তি খুটাখালী যাওয়ার কথা বলে তাঁর অটোরিকশা ভাড়া করে। মেধাকচ্ছপিয়া ঢালায় পৌঁছালে দুই ছিনতাইকারী মাথায় ছুরি ঠেকিয়ে তাঁকে পাশের জঙ্গলে নিয়ে যায়। ওই সময় গলায় ও ঘাড়ে ছুরি চালিয়ে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার ও দুই ছিনতাইকারীকে আটক করে। ওই সময় অন্য তিন ছিনতাইকারী পালিয়ে যায়।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বলেছেন, চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। তিনি জানান, গ্রেপ্তার দুই ব্যক্তিকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।